কারাগারে নুসরাত ফারিয়া

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকামহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পিপি ওমর ফারুক ফারুকী জানান, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে  তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

এর আগে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

All Categories