কাজুবাদাম কেনার সময় আসল-নকল চিনবেন যেভাবে, খেয়াল রাখুন রং, গন্ধ আর প্যাকেটের তথ্য
পুষ্টিগুণে ভরপুর হওয়ায় অনেকেই প্রতিদিনের খাবারে কাজুবাদাম রাখেন। কেউ সরাসরি খান, কেউ মিষ্টান্ন, সালাদ কিংবা নানা রান্নায় ব্যবহার করেন। তবে বাজারে কেনার সময় সেটি ভালো মানের নাকি পুরোনো বা ভেজালমিশ্রিত, তা অনেকেই ঠিকমতো বুঝতে পারেন না। প্যাকেট দেখতে চকচকে হলেই ভেতরের বাদাম ভালো হবে, এমন নিশ্চয়তা নেই। তাই কেনার আগে কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি।
রং খেয়াল করুন
ভালো মানের কাজুবাদাম সাধারণত হালকা সাদা বা ক্রিম রঙের হয়। যেগুলো অতিরিক্ত হলদেটে, গায়ে কালচে দাগ রয়েছে কিংবা রং অস্বাভাবিক দেখায়, সেগুলো পুরোনো বা নিম্নমানের হতে পারে।
গন্ধ শুঁকে দেখুন
তাজা কাজুবাদামে হালকা প্রাকৃতিক বাদামি ঘ্রাণ থাকে। কেনার সময় তেলচিটে, বাসি বা অদ্ভুত কোনো গন্ধ পেলে সেটি না কেনাই ভালো।
অস্বাভাবিক কম দামে সাবধান
বাজারদরের চেয়ে অনেক কম দামে কাজুবাদাম পাওয়া গেলে সতর্ক হোন। অনেক সময় নিম্নমানের বাদামকেই ভালো মানের বলে কম দামে বিক্রি করা হয়।
প্যাকেটের তথ্য যাচাই করুন
প্যাকেটজাত কাজুবাদাম কিনলে সিল ঠিক আছে কি না, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম দেখে নিন। প্যাকেট খোলা বা সিল নষ্ট থাকলে তা এড়িয়ে চলুন।
আকৃতি ও গঠন দেখুন
ভালো কাজুবাদাম দেখতে পরিষ্কার ও স্বাভাবিক আকারের হয়। গায়ে কালো দাগ, ছত্রাকের চিহ্ন বা অস্বাভাবিক তেলতেলে ভাব থাকলে সেগুলো কেনা থেকে বিরত থাকুন।
সব সময় পরিচিত ও বিশ্বস্ত দোকান থেকে কাজুবাদাম কেনার চেষ্টা করুন। মনে রাখবেন, শুধু চোখে দেখে বা হাতে ধরে সব ধরনের ভেজাল নিশ্চিতভাবে ধরা যায় না। তাই প্যাকেটের তথ্য, সংরক্ষণের পরিবেশ এবং বিক্রেতার বিশ্বাসযোগ্যতাকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।