জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশের অর্থায়ন বাধ্যতামূলক
জলবায়ু পরিবর্তনের জন্য অতীতের দায়িত্ব বহনকারী উন্নত দেশগুলোকে এই সংকটের প্রভাব মোকাবিলায় অর্থায়নের দায়িত্ব নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে আর্থিক সহায়তা কোনো দান নয়, এটি একটি আন্তর্জাতিক চুক্তিতে নির্ধারিত বাধ্যবাধকতা। ফলে বেসরকারি অর্থায়নের ওপর নির্ভর করে উন্নত দেশগুলো তাদের দায়িত্ব থেকে পালাতে পারবে না।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বিশ্বের দক্ষিণাঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধিরা এ দাবি তুলে ধরেন। সম্মেলনে অভিযোজন অর্থায়ন তিনগুণ বাড়ানোর প্রস্তাব থাকলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো স্পষ্ট সমঝোতা হয়নি।
শনিবার সকালে সম্মেলনস্থলের সংবাদ কক্ষে ‘‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিতকরণ’’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশন, ভারতের মৌসম এবং লিডার্স বাংলাদেশ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বক্তারা বলেন, কপ-৩১ যেন শুধুমাত্র প্রতিশ্রুতির সম্মেলন না থেকে বাস্তবায়ন ও জবাবদিহির মঞ্চে পরিণত হয়। অভিযোজন অর্থায়ন তিনগুণ বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্য, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত করতে হবে।
প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়িত্ব এবং আর্থিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু উদ্যোগে অর্থায়ন করতে হবে। এছাড়া বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত ও উল্লেখযোগ্যভাবে কমানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত ও সুসমন্বিত উত্তরণ নিশ্চিত করতেও জোর দেওয়া হয়েছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন, অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য সরাসরি অর্থায়ন, দ্রুত তহবিল ছাড় এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তারা।
ভারতের মৌসমের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ু দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার, ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য। এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আঞ্চলিক সংহতি ও যথেষ্ট অর্থায়নের গুরুত্বের ওপর জোর দেন।
নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থা ঔপনিবেশিক নিয়ন্ত্রণের চর্চায় প্রবৃত্ত। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জটিল আবেদন ও অনুমোদন প্রক্রিয়া পেরিয়ে অর্থ পেতে হয়। তাই সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
ভারতের অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ এই অঞ্চলে বৈশ্বিক জলবায়ু তহবিলের খুব সামান্য অংশ পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, দক্ষিণ এশিয়ার অংশ খুবই নগণ্য, যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থায়ন সংকট বাড়াচ্ছে।
শ্রীলঙ্কার ফিয়ানের থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু বর্তমানে তৃণমূল পর্যায়ের মানুষ উপযুক্ত অর্থ পাচ্ছে না। এই ব্যবস্থায় বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা পূরণের প্রশ্ন থেকে যায়। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ প্রবাহ নিশ্চিত করতে হবে।
লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরে মানুষের মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা নিশ্চিত করতে হবে। আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর পাশাপাশি প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তবায়নে রূপান্তর করা প্রয়োজন।
কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদে উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কর্মকাণ্ডে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি দয়া বা স্বেচ্ছাসেবামূলক নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব।
তিনি আরো বলেন, কপ-৩১-এর জলবায়ু অর্থায়ন কর্মসূচিতে দায়িত্ব ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য রয়েছে। উন্নত দেশগুলোর ৯.১ অনুচ্ছেদের বাধ্যবাধকতা বেসরকারি অর্থায়নে পূরণ করা সম্ভব নয়।