জেমসের সুরে আজ কাঁপবে দাম্মাম
সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাত ৯টায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের রক সংগীতের জীবন্ত কিংবদন্তি জেমস।
চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে সৌদি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে। যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নিচ্ছেন নিজেদের সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে।
বাংলাদেশ থেকে জেমস ছাড়াও আজকের পারফরম্যান্সে অংশ নিচ্ছেন বিউটি খান, আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এর আগের দিনগুলোতে মঞ্চ মাতিয়েছেন কনা, ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও আকাশ মাহমুদ।
উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মিলা, আরমান আলিফ এবং আবারও বিউটি খান।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেমস বলেন,
সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য গর্ব এবং সম্মানের। বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করা সব সময়ই বিশেষ কিছু।
উৎসবে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। ভিন্ন সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যকে এক প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, দাম্মামে পারফর্ম করার পর আগামী ৯ মে জেদ্দায় আরেকটি কনসার্টে অংশ নেবেন জেমস।
বাংলাদেশি শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলা সংগীতকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন সংস্কৃতিমনস্করা।