জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট ফর সলিডারিটি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জেমসসহ দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড।
অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য, সম্প্রীতি, সংহতি ও অদম্য চেতনার বাংলাদেশ’। আয়োজকরা জানিয়েছেন, বিকেল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে সংগীত পরিবেশনা, যা চলবে টানা সাত ঘণ্টা।
কনসার্টে জেমস ছাড়াও অংশ নেবে মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। আয়োজকরা আশা করছেন, এই কনসার্টে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। বিকেল ৩টা থেকে দর্শকদের জন্য কনসার্ট প্রাঙ্গণে প্রবেশের সুযোগ থাকবে।