ইউনিভার্সেল মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে ৪ বছর ৬ মাস বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু পরীক্ষায় একাধিকবার নেগেটিভ ফল এলেও ডেঙ্গু ধরে চিকিৎসা চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পিআইসিইউতে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক সশরীরে উপস্থিত না থেকে ফোনে নির্দেশনা দিচ্ছিলেন এবং অন্য হাসপাতালে স্থানান্তরের উদ্যোগেও দেরি করা হয়।

শিশুটির বাবা মৃদুল ইসলাম জানান, চিকিৎসার বিস্তারিত নথি চাইলেও তা দেওয়া হয়নি। সন্তানটির মৃত্যুর পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে তেজগাঁও থানার একটি দল হাসপাতালে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ গিয়ে সবার সঙ্গে কথা বললেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

হাসপাতালের এনআইসিইউ প্রধান অধ্যাপক ডা. এম মনির হোসেন বলেন, শিশুটির সেপটিক শক হয়ে থাকতে পারে এবং রক্তচাপ কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, রোগীর জীবন রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আধুনিক চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হয়েছে। তাদের বক্তব্য, পিআইসিইউতে স্থানান্তরে পরিবারের অনিচ্ছা ও কালক্ষেপণ চিকিৎসা প্রক্রিয়াকে ব্যাহত করেছে।

All Categories