ইসরায়েলের যুদ্ধজাহাজে হামলার দাবি হিজ*বুল্লাহর
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা দেশটির উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে নজরদারি চালানোর পর তারা এই হামলায় একটি নেভাল ক্রুজ (নৌ) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।
লেবাননে আরও ৫৪ জনকে হত্যা
লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়াল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২২ এবং একই সময়ে আহত হয়েছেন আরও চার হাজার ২৯৪ জন। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে। এর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে।
দক্ষিণাঞ্চলে আরেক ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম শেবায় হতাহত হন তারা। এই সেনারা তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
হিজবুল্লাহকে সাহায্য করছে– এমন অভিযোগে এক ব্যক্তিকে আটক করতে ম্যাগলানের কমান্ডোরা শেবায় অভিযান চালাতে গিয়ে এ ঘটনার শিকার হয়। আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে এক সেনা ভেবেছে সে সন্দেহভাজনকে শনাক্ত করেছে আর সে পালিয়ে যাচ্ছে, তাই সে গুলি করে। তার গুলিতে এক সেনা ঘটনাস্থলেই নিহত ও আরও একজন গুরুতর আহত হন। হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আলজাজিরা ও আনাদোলুর।