ইরানি সেনাপ্রধান: যুদ্ধ এখনও চলছে, বিজয়কে সুসংহত করতে হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেন, যুদ্ধ বর্তমানে ‘গুরুত্বপূর্ণ ও নিষ্পত্তিমূলক’ পর্যায়ে রয়েছে। ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে হাতামি বলেন, এখন সেই বিজয়কে সুসংহত করতে হবে এবং যুক্তরাষ্ট্রসহ আগ্রাসী সব শত্রুকে আরও কঠোর আঘাতের জন্য ইরানি সেনাদের প্রস্তুত থাকতে হবে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক সামরিক অনুষ্ঠানে বক্তব্যে হাতামি বলেন, যুদ্ধ শেষ হয়নি; আমরা জয়ী হয়েছি। তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। তিনি উল্লেখ করেন, যে আগ্রাসী শত্রু গুরুতর আঘাত পেয়েছে, তাকে ইরানি সেনাদের আরও গুরুতর আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলা করা একটি দেশের সেনা হিসেবে ইরানিরা গর্বিত। হাতামির ভাষায়, ইরান এমন একটি দেশ, যা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিরোধ করছে এবং তাদের ‘অপমানিত’ করেছে। তিনি বলেন, ইরান তাদের বাড়াবাড়ি ও ঔদ্ধত্য মেনে নেওয়ার জায়গা নয়।

হাতামির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দেয়, যার আওতায় সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা শুরুর কথা বলা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

All Categories