হঠাৎ অসুস্থতা, হাসপাতালে সৃজিত মুখার্জি

হঠাৎ অসুস্থতা, হাসপাতালে সৃজিত মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শারীরিক অস্বস্তি অনুভব করলে দ্রুত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় সৃজিতের মাথা ঘোরা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা যায়। শনিবার সকাল থেকেই তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাঁকে কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ। পরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ ফলাফল হাতে পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অসুস্থ হওয়ার কয়েকদিন আগেই, বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘কিলবিল সোসাইটি’, যা তাঁর ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের কাছ থেকে ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছে। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড়ও লক্ষ্য করা গেছে।

পরিচালনার পাশাপাশি সৃজিত বর্তমানে আরও একাধিক প্রজেক্টে ব্যস্ত রয়েছেন। আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এর ঘোষণা শুক্রবারই দেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার। ২০২০ সালেই ছবির পরিকল্পনা হয়েছিল, তবে নানা কারণে তা আলোর মুখ দেখেনি। অবশেষে চলতি বছর শুরু হচ্ছে এর শুটিং।

এই ছবিতে গৌরাঙ্গের চরিত্রে থাকবেন দিব্যজ্যোতি দত্ত এবং নটি বিনোদিনী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

All Categories