গ্রেটার নয়ডায় চলন্ত স্লিপার বাসে আগুন, ৯ যাত্রীর মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন এবং আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেকে বাস থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।