গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা-ভাঙচুর ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দলটির অভিযোগ, গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিতব্য সমাবেশের মঞ্চ ও আয়োজনস্থলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকেরা।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলাকারীরা মাঠে রাখা চেয়ার ও ব্যানার-প্ল্যাকার্ড ভাঙচুর করে এবং ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনার জেরে শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের দুটি গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পংসুর এলাকায় গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, “ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এই হামলায় জড়িত। এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা বানচালের জন্যই এসব হামলা চালানো হয়েছে।”

এদিকে সকালে কোটালিপাড়া থেকে গোপালগঞ্জগামী সড়কের একাধিক স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে ভোজেরগাতি বাজার, কাঠি বাজারসহ পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ।

All Categories