গোপালগঞ্জে বাস-ট্রাকসহ ৫ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশসহ নিহত ২
গোপালগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী তিনটি বাসের সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ।
নিহত দুজন হলেন—ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) রফিকুজ্জামান (৫৮) এবং আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী (৪৩)। রফিকুজ্জামান ফরিদপুর জেলার সালথা উপজেলার বাসিন্দা এবং সেলিম খুলনার সোনাডাঙ্গা এলাকার আব্দুল হামিদের ছেলে।
পরিদর্শক মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরমান পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় এসপি গ্রিন লাইনের আরেকটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন আরমান পরিবহনের সহকারী সেলিম।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার কাজে নামে। সে সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে উদ্ধার কাজে নিয়োজিত পুলিশের তিন সদস্য আহত হন। তাদের মধ্যে ঢাকায় নেওয়ার পথে রফিকুজ্জামান মারা যান।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম রায় বলেন, “প্রাথমিক চিকিৎসা শেষে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিউ বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের অবস্থা আশঙ্কাজনক।