গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন এবং সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ কার্যকর করা হয়।

পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কারফিউর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। ওই দিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয়। সর্বশেষ শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক আবারও জানান, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এনসিপির ওই সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। দলটির অভিযোগ, বুধবারের হামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা জড়িত ছিলেন।

All Categories