ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ
শৈশবে কাগজের প্লেন বানানো অনেকের জন্যই আনন্দের স্মৃতি। কিন্তু যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ সেই শৈশবের খেলাকে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজি শহরে তিনি মাত্র এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। প্রতিটি উড়োজাহাজ তৈরি করতে তার গড়ে সময় লেগেছে ৮ দশমিক ৬৭ সেকেন্ড।
ডেভিড রাশ প্রমাণ করেছেন যে, শৈশবের একটি সাধারণ খেলাও দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ব রেকর্ডের কারণ হয়ে উঠতে পারে। এর আগে তিনি ২০০টিরও বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন এবং ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস রেকর্ডের মালিক।
নতুন রেকর্ড গড়তে ডেভিড রাশ বোইজির ওয়াইএমসিএর র্যাকেটবল কোর্টে এই উদ্যোগ নেন। লক্ষ্য ছিল ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে কাজটি সহজ ছিল না।
ডেভিড রাশ জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ বানানোই নয়, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কিনা, সেটিও নিশ্চিত করতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়ায় গতি, নির্ভুলতা ও সমন্বয়—তিনটিই গুরুত্বপূর্ণ ছিল।
একটি অনলাইন পোস্টে তিনি লেখেন, ‘আমার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজ করেছে।’
গত ৩০ মে এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে সফল হন। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এ রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।