গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর হাতে তিনজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ নভেম্বর) ভোররাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের (মাজার এলাকা) এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক বাসিন্দার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ দল। গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলার সময় স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি। তাৎক্ষণিকভাবে গ্রামবাসী ধাওয়া করলে চোর সন্দেহে থাকা তিনজন পাশের জঙ্গলে এবং পরবর্তীতে রাস্তার পাশে একটি পুকুরে আশ্রয় নিতে গিয়ে ধরা পড়ে।
পরে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অপর এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
স্থানীয়দের দাবি, ৮–১০ জনের একটি দল পিকআপসহ গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে দলটির বাকি সদস্যরা পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। নিহত তিনজন পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সক্রিয় গরুচোর চক্রের সদস্য বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ওসি বুলবুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনার খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।