ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও চতুর্দশ
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও চার দিন হাসপাতালে থাকার পর রোমের জেমেলি হাসপাতাল থেকে ভ্যাটিকানে ফিরেছেন। শনিবার হাসপাতাল ছাড়ার সময় তাকে বিদায় জানাতে অনেক ভক্ত জড়ো হন এবং ‘হোলিনেস’ ধ্বনি দিয়ে পোপকে শুভেচ্ছা জানান।
পোপ, যিনি ৭১ বছর বয়সী, কালো রঙের একটি এসইউভিতে হাসপাতাল ছাড়েন। শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি, ধন্যবাদ।’ তিনি নিজে হেঁটে গাড়ির কাছে যান এবং গাড়িতে ওঠার আগে নিজের সার্জন ডা. স্তেফানো মার্গারিতোরার সঙ্গে হাসপাতালের রোগীদের সঙ্গে দেখা করেন।
একটি কিশোরী, যিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন, পোপকে হাতে তৈরি একটি পুতুল উপহার দেন। ওই কিশোরী জানায়, পোপের সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাৎ তাকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছিল। হাসপাতাল ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি ভ্যাটিকানের প্রবেশদ্বারে পৌঁছান।
গত মঙ্গলবার পোপের ৯০ মিনিটের অস্ত্রোপচারে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর পরীক্ষায় তার ফুসফুসে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়, যা ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। তবে ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও কিছু পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পর পোপের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও সার্জন জানিয়েছেন, তিনি অন্যের সহায়তা ছাড়াই স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন। হাসপাতালে থাকার সময় তিনি জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন এবং হাসপাতালের অস্থায়ী চ্যাপেলে প্রার্থনা সভা পরিচালনা করেছেন।
ভ্যাটিকান জানিয়েছে, রোববার পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত মানুষের উদ্দেশে ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনা পরিচালনা করবেন। গত সপ্তাহে অস্ত্রোপচারের ঘোষণা দেওয়ার পর তিনি একইভাবে প্রার্থনা পরিচালনা করেছিলেন।
হাসপাতালে থাকার সময় পোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ২০২৫ সালের জুনের পর এটি ছিল তাদের প্রথম ফোনালাপ। আলোচনায় ‘সংলাপ ও শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এমন সময়ে তাদের কথোপকথন হলো, যখন ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বোমা হামলা তীব্র হয়েছে। পোপ ইউক্রেনের রাশিয়া-অধিকৃত ওলেশকি শহরে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
পোপের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি নভেম্বরের শুরুতে লাতিন আমেরিকা সফরের পরিকল্পনা পিছিয়ে দিতে চান না। তবে সফরের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
পোপ চতুর্দশ লিওর পরিবারেও ক্যানসারের ইতিহাস রয়েছে। তার বড় ভাই লুই প্রেভোর ২০১৭ সালে ক্যানসার শনাক্ত হয় এবং তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। পোপের মা মিলড্রেড ১৯৯০ সালে ক্যানসারে মারা যান। তাঁর বাবা লুই ১৯৯৭ সালে কোলন ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।