ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, সহ-উপাচার্যসহ আহত অনেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। একই ঘটনায় পরিচয় দেওয়ার পরও এক সংবাদকর্মীকেও আঘাত করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হলে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো.আদনান বলেন, গতকাল রাতে আমাদের ওপর হামলা করা হয়েছিল। আজ দুপুরে সমঝোতা করতে গেলে স্থানীয়রা আবারও আমাদের ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছেন।
এদিকে স্থানীয়দের হামলার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।