ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি,বাঁধের ৭ স্থানে ভাঙন

টানা বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে ফেনী শহরের বিভিন্ন এলাকা। গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরের দেশের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা মোড়সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। অনেক সড়কে কোমরসমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, দোকানদার ও শিক্ষার্থীরা।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবোর ফেনী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার জানান, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলের বহু জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। মুহুরী নদীর বাঁধ ফুলগাজীর জঙ্গলঘোনা, সাহেবনগর, দেড়পাড়া, গদানগরসহ অন্তত সাতটি স্থানে ভেঙে গেছে।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, 'মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসকের হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

All Categories