ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, ডিসির নজরদারি অব্যাহত

রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ রয়েছে। তবে এসবের মধ্যে অনেক ওভারব্রিজে দোকানপাট বসিয়ে চলাচল কঠিন করে তোলা হয়েছিল, কিছু জায়গায় ভাসমান মানুষ ও মাদকাসক্তদের আস্তানা ছিল। কিছু ওভারব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য বন্ধ থাকায় পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল।

ফার্মগেট ফুট ওভারব্রিজও এমনই একটি ব্যস্ত ওভারব্রিজ ছিল, যা দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। এর ফলে নিয়মিত চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হতো।

ফার্মগেট মোড়ের ওভারব্রিজে উঠলে মনে হতো একটি ছোট বাজার। সেখানে নারী, পুরুষ ও শিশুদের পোশাক, গয়না, মোজা, ব্যাগ, সানগ্লাস, খেলনা, সুগন্ধি, চুলের ব্যান্ড-ক্লিপ, হেডফোন-চার্জারসহ নানা পণ্য বিক্রি হতো। বাদাম, আমড়া, ছোলা, ঝালমুড়ি, সিমও বিক্রি হতো।

তবে বর্তমানে ফুট ওভারব্রিজটি সাধারণ মানুষের চলাচলের জন্য হকারমুক্ত হয়ে গেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন নিয়মিত চলাচলকারীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফার্মগেট মোড়ের এই ওভারব্রিজে হকারমুক্ত চিত্র দেখা যায়। গত ৫ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে ‘কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের হস্তক্ষেপে ফার্মগেট ফুট ওভারব্রিজ হকারমুক্ত করা হয়।

ডিসি মো. ইবনে মিজান জানিয়েছেন, হকাররা যাতে আবারও ওভারব্রিজ দখল করতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।

ফার্মগেট ফুট ওভারব্রিজ দিয়ে নিয়মিত রাস্তা পারাপার করা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আবদুল্লাহ জানান, ‘ওভারব্রিজটা এখন হকারমুক্ত হওয়ায় আমাদের চলাফেরায় অনেক সুবিধা হয়েছে। আগে ওরা পুরো রাস্তায় দখল করে রাখত। এখন মনে হয় একদম ফ্রি, অনায়াসে হাঁটা যায়।’

মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করা বিভা ভেরোনিকা গোমেজ বলেন, ‘এই ওভারব্রিজ হকারমুক্ত হওয়ায় আসা-যাওয়ায় অনেক সুবিধা হয়েছে। তবে ওভারব্রিজের ওঠার জায়গাটিও হকারমুক্ত হলে চলাচলে সবার সুবিধা হবে।’

তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা জানান, ‘এখন কিছুদিন ধরে ওভারব্রিজ দিয়ে হেঁটে শান্তি পাচ্ছি। এতদিন দোকানপাটে গিজগিজ করতো। এখন পুরো ওভারব্রিজই আমাদের জন্য খালি।’

ডিএমপির ডিসি মো. ইবনে মিজান জানিয়েছেন যে, এই কার্যক্রম চলমান থাকবে এবং তিনি হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তার অফিসারদের নির্দেশ দিয়েছেন।

All Categories