এপ্রিল নয়, ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুলের হুঁশিয়ারি

এপ্রিলের প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তাব ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ আখ্যা দিয়ে, তা পুনর্বিবেচনার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন)  বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, ‘রমজান মাস শেষ হওয়ার পরপরই নির্বাচন আয়োজন প্রার্থীদের জন্য শুধু চাপে ফেলবে না, ব্যয়ও দ্বিগুণ করে তুলবে। অতিরিক্ত গরম আর সম্ভাব্য বৃষ্টির মধ্যে ভোটারদের সমাবেশে আনা কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অতীতের নির্বাচনগুলো প্রমাণ করে যে, ডিসেম্বর বা জানুয়ারিই ভোটের জন্য উপযুক্ত সময়। কাজেই অন্তর্বর্তী সরকার যদি বাস্তবতা বিবেচনায় আনে, আশা করি তারা সময়সূচি পুনর্বিবেচনা করবে।’

বিএনপি নেতাদের বার্তা স্পষ্ট—তারা যে কোনো সময় ভোটের ময়দানে নামতে রাজি। ফখরুল বলেন, ‘আমরা বিপ্লবী দল নই, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই।’

তবে তিনি আবারও মনে করিয়ে দেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাই সবার জন্য সর্বোত্তম বিকল্প।

বিএনপির সংস্কার নিয়ে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, তাও ফখরুল উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরাই প্রথম ভিশন-২০৩০ ঘোষণা করেছি। ৩১ দফা সংস্কারের প্রস্তাবও আমাদের।’

 দেশের রাজনৈতিক, সামাজিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি বিষয়ে আমরা ঐক্যবদ্ধ: দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটি নির্বাচিত সরকার গঠন। বিভেদ সৃষ্টি করে ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেবেন না।’

All Categories