এক ঈদে এত মানসম্পন্ন সিনেমা মুক্তি পাওয়া সত্যিই মাইলফলক: রাশেদ মামুন অপু

চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুই পর্দায়ই সফলভাবে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি চলচ্চিত্র ‘দাগি’ ও ‘জংলি’। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ঈদের ছবি, দর্শকপ্রতিক্রিয়া ও নির্বাচন নিয়ে সম্প্রতি কথা বলেন এই অভিনেতা।

রাশেদ মামুন অপু বলেন, এবারের ঈদে দর্শকরা সিনেমা দেখছেন, আগ্রহ নিয়ে দেখছেন। দুর্দান্ত ও সুস্থধারার সিনেমার একটা প্রতিযোগিতা হয়েছে, যা অনেকদিন দেখা যায়নি। এটা আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য খুবই ইতিবাচক।

তিনি বলেন, এক ঈদে এতগুলো মানসম্পন্ন সিনেমা মুক্তি পাওয়া সত্যিই একটি মাইলফলক। প্রতিটি সিনেমাই ভালো, মানসম্মত। তাই দর্শকরা আগ্রহ নিয়ে হলে যাচ্ছেন।

নিজের অভিনীত ‘দাগি’ ও ‘জংলি’ কোনটিকে এগিয়ে রাখবেন জানতে চাইলে অপু বলেন, দুটোই আমার পছন্দের সিনেমা। ভালো-মন্দের বিচার করবেন দর্শক। আমি শুধু ভালো অভিনয়ের চেষ্টা করেছি।

সিনেমা দুটি মুক্তির পর তিনি নিজেই কয়েকবার হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবি দেখেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে অপু বলেন, “আমি থিয়েটার থেকে এসেছি। থিয়েটারে যেমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়, ‘দাগি’ ও ‘জংলি’ দেখেও তেমনই প্রতিক্রিয়া পেয়েছি। দর্শকদের ভালোবাসা আমাকে ছুঁয়ে গেছে। আমি মুগ্ধ।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন একটি প্রক্রিয়া। উৎসবমুখর পরিবেশে ভোট হবে, সবাই অংশ নেবেন। আমরা চাই সেটি একটি সুন্দর দিন হোক।

অভিনয়শিল্পী সংঘের বর্তমান এবং আগের দুই কমিটিতেই ছিলেন রাশেদ মামুন অপু। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বর্তমান কমিটির সফলতা-ব্যর্থতা নিয়ে তিনি বলেন, “সফলতা আছে। আমরা অনেকগুলো কাজ করেছি। সদস্যরা বলবেন কতটা সফল ছিলাম, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল।

চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুটো নিয়েই বছরজুড়ে ব্যস্ত সময় পার করছেন অপু। সামনে আরও তিনটি নতুন সিনেমায় কাজের কথা চলছে। এছাড়া, ওয়েব সিরিজ নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। বলেন, “তিনটি নতুন সিনেমার বিষয়ে কথা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চুক্তি হয়ে যাবে।

All Categories