এক বছর পর কিশোরী উদ্ধার, পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কাউকে
রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর একটি কিশোরীকে উদ্ধার করা হলেও, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহ আলী থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হলেও, নিখোঁজের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে তরুণীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে এক বছর পর তাকে পাওয়া গেলেও, এই সময়ে তিনি কোথায় ছিলেন এবং কার জিম্মায় ছিলেন, সে বিষয়ে পুলিশ অজানা রয়েছে। কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিখোঁজের প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি।
এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, "আমরা এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি। উদ্ধারের পর মেয়েটা এখনও স্বাভাবিক হয়নি, তাই কিছু জানা যায়নি। একটু সময় দিচ্ছি, স্বাভাবিক হলে তারপর কথা বলব।"
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই কিশোরী। ঘটনার পরদিন ১৭ সেপ্টেম্বর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভিকটিমের বাবা। দীর্ঘ এক বছর তদন্তের পর অবশেষে বুধবার রাত ২টা ৩০ মিনিটের দিকে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।