এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন প্রায় ১০ লাখ ৫৫ হাজার। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন এক লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী।
২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
পরীক্ষা শুরুর আগেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে। কেউ কেউ পরীক্ষাকেন্দ্রের সামনে দোয়া পড়ছিলেন, কেউ বা সন্তানকে উৎসাহ দিচ্ছিলেন শেষ মুহূর্তে।
আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানানো হয়েছে। পরীক্ষার দিন মোবাইলসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় পরিহারে অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে শিক্ষা বোর্ডগুলো।