এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ইউএনও নিজেই।
বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভা উপলক্ষে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে তাদের পদযাত্রা ও পথসভা কর্মসূচি রয়েছে।কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘোনাপাড়া-টেকেরহাট সড়কে গাছ কেটে অবরোধ তৈরি করে। পরিস্থিতি দেখতে গিয়ে আমার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ইউএনও আরও জানান, হামলার আগে একই এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।