দিল্লিতে পাঁচতলা ভবন ধসে পড়ল, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অংশের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ভবন ধসের খবর পৌঁছায়। এরপর দ্রুত ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি পাঠানো হয়। উদ্ধারকারী দল এখন ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে বহু মানুষ ভিড় করেছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে খালি হাতেই ইট-পাথর সরিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন।

এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে আশপাশে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে রাজধানীতে আবারও বহুতল ভবন ধসের ঘটনা ঘটল।

All Categories