ধর্ষণের হুমকি ও মাদকের অভিযোগ, যা বললেন শামীম

ধর্ষণের হুমকি ও মাদকের অভিযোগ, যা বললেন শামীম

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা নামের এক অভিনেত্রী। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন।

ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান শামীম হাসান সরকার।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, সহশিল্পীকে তিনি যৌন হেনস্তা করেননি, এমনকি শুটিং সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।

শামীম বলেন, প্রিয়াঙ্কা আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। গত পরশু দিন থেকে নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক বানাতে ব্যস্ত হয়ে পড়েন। তখন আমি রেগে গিয়ে বলি, রিলস বানাতে হলে বাইরে বানান, শুটিং সেটে এসব চলবে না। শুধু এটুকুই বলেছিলাম।

অভিনেত্রী প্রিয়াঙ্কা তাঁর বিরুদ্ধে ধর্ষণের হুমকি ছাড়াও মাদক সেবনের অভিযোগ এনেছেন।

জবাবে শামীম বলেন, আমি কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ করি না। অতীত তো অতীতই, কিন্তু বিয়ের পর থেকে কোনো শুটিং সেটে আমি এসবের সঙ্গে জড়িত নই। সেটের সবাই এটা জানে। আমি গাঁজা খাইনি, তাঁকে যৌন হেনস্তাও করিনি। তবে রাগের মাথায় গালাগাল করেছিলাম।

এ ধরনের অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শামীম হাসান। তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে, আমি এটা ছেড়ে দেব না। আগে আমার পরিবার, সহকর্মী ও সংগঠনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। যদি তারা বলেন আইনি ব্যবস্থা নিতে, তাহলে সেটাই করব।

এ বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

All Categories