ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন । বৃহস্পতিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় দফার সফর যা প্রায় সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিব প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা সমস্যা এবং অন্যান্য অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা করবেন। পরবর্তী সময়ে গুতেরেস ড. ইউনূসের দপ্তরে তার সঙ্গে বৈঠক করবেন।

বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন যেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা শিবিরে তাদের কার্যক্রম সম্পর্কে মহাসচিবকে ব্রিফ করবে। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গাদের সঙ্গে পবিত্র রমজানের সম্মানার্থে একযোগে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থী অংশ নেবেন।

ইফতার শেষে রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা এবং সহযোগিতার একটি শক্তিশালী বার্তা প্রদান করা হবে।
 

All Categories