খেলাকে পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, খেলাধুলাকে কেবল বিনোদন হিসেবে নয়, বরং একটি সম্মানিত পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের আর্থ-সামাজিক উন্নয়নে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়িত্ববোধের পরিচয়।
রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতিতে ক্রীড়ার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
এ দিন জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ সুবিধা পাবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা এবং অবসরকালীন জীবনে সামাজিক ও রাষ্ট্রীয় সহযোগিতা পাবে। তিনি আরও জানান, ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও কল্যাণসূচক সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।