ঢাকাসহ দেশজুড়ে ভূকম্পন, উৎপত্তিস্থল মিয়ানমার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  শুক্রবার (২৮ মার্চ)  দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের মান্দালয়। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পটি বড় ধরনের বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে। সংস্থাটির মতে, কম্পনের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং এলাকার ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সচেতনতা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

All Categories