ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে একযোগে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে দালালচক্রের ঘুষ বানিজ্য ও নানা অনিয়মের অভিযোগে দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার দুদক কার্যালয় থেকে পৃথক দল অভিযান শুরু করে। রাজধানীর উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ বিআরটিএ অফিসগুলো রয়েছে এই তালিকায়।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সারাদেশে ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

দুদক সূত্র জানায়, কিছু কিছু অফিসে দালালদের সরব উপস্থিতি ও অনিয়মের তথ্য হাতেনাতে পাওয়া গেছে। ঘুষ ছাড়া সেবা না পাওয়া, দালাল ছাড়া কাজ না হওয়া, লাইসেন্স ও ফিটনেস নবায়নে বাড়তি অর্থ দাবি করা এমন নানা অভিযোগ আগেই কমিশনের কাছে জমা পড়েছিল।

যেসব অফিসে অভিযান

ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ ছাড়াও অভিযানের আওতায় এসেছে গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, রাজবাড়ী, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, দিনাজপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, শেরপুর ও রাঙামাটি বিআরটিএ অফিস।

এর আগে গত ২৯ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬টি অফিসে এবং ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম, হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগে অভিযান চালায় দুদক। সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এসব অভিযান চালানো হচ্ছে বলে জানায় সংস্থাটি।

দুদক বলছে, দালালদের দৌরাত্ম্য ও ঘুষ-হয়রানির চক্র ভেঙে সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

All Categories