ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের জেলাগুলোতে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ছবিতে রাজধানীর শাহবাগে ইন্টার কন্টিনেন্টাল হোটেল, বাংলাদেশ শিশু একাডেমি ও আশপাশের এলাকায় টহলরত বিজিবি সদস্যদের দেখা গেছে।
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঘিরে আওয়ামী লীগের ঘোষণা করা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাই। সন্ত্রাসীরা যাতে সহজে জামিন না পায়, সে বিষয়ে আমরা আদালতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
গত দুই দিনে রাজধানী ও আশপাশে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনাগুলো প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দুষ্কৃতকারীদের কাজ। কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। সবাই মিলে এগুলো প্রতিহত করতে হবে।
প্রকাশ্যে গুলি করে হত্যার সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, দুটি ঘটনাই সন্ত্রাসী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধ থেকে হয়েছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে
তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল বৃদ্ধি করা হয়েছে, আর বাসে আগুন দেওয়ার ঘটনায় ব্যবহৃত হতে পারে—এমন তেলের উৎস বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ জানান, “চলমান পরিস্থিতিতে সব বিমানবন্দরকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।” শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, “বেবিচকের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।