ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন নিহত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে। ঘটনাস্থল সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায়, তালুকদার ফিলিং স্টেশনের সামনে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হলে সেটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড় করানো হয়। তখন পেছন থেকে আসা যাত্রীবাহী গোল্ডেন পরিবহনের একটি বাস এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

ওসি আরও জানান, ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও পাঁচজন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতদের মধ্যে একজন নারী, তাঁর বাবা ও ভাই রয়েছেন। নিহত নারীর নাম আফসানা (২০)। তাঁর বাবার নাম সামাদ ফকির (৬০) এবং ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটির যাত্রীরা গাড়ির বাইরে অবস্থান করছিলেন। বাসটি এসে পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা চাপা পড়েন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

All Categories