দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, এবং তাদের কার্যক্রম সম্পর্কে সরকার ও জনগণ অবগত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট করেছেন, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি এবং বিভ্রান্তিমূলক তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) এসব কথা বলেন তিনি। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।

সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্য নিয়ে আলোচনা করেন এবং সেনা সদস্যদের ধৈর্য ধরে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো আচরণ করা যাবে না, যাতে উসকানিদাতারা তাদের উদ্দেশ্য সফল করতে পারে।

তিনি আরও বলেন, সামনে ঈদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এবং কোথাও অবনতি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার দেশের নিরাপত্তা ও জনগণের সেবা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে সেনাপ্রধান জানান, শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন মহাসচিব। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা তিনি উচ্চ প্রশংসা করেছেন।

এ ছাড়া, জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর কাজের প্রশংসা করেছেন মার্কিন সিনেটর।

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

All Categories