দেশে ফের ভূমিকম্প অনুভূত কাঁপলো গাজীপুর
গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই এ কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকায়।
এর আগে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। আহত হয়েছেন কয়েক শ মানুষ।