দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল
দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আন্দোলন না করে এখন নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোট দিন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সেই পদ্ধতি দিয়ে কীভাবে প্রতিনিধি নির্বাচন করবে? আমি নিজেই পিআর পুরোপুরি বুঝি না। তাই আগে নির্বাচন হোক, পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অস্থিরতায় ভুগছে। তারা শুধু ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তবেই স্থিতিশীলতা ফিরবে।
জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “অতীতে আমরা সরকারে ছিলাম, তাই সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।