‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে সিনেমা হলে দাঁড়িয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ
ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। এই আয়োজনে চলচ্চিত্র শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে ফিলিস্তিনে চলমান নির্যাতনের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানায়।
বিশ্বব্যাপী ৭ এপ্রিল 'গ্লোবাল স্ট্রাইক' ডাকার পর, বাংলাদেশের সাধারণ মানুষও প্রতিবাদে সমর্থন জানায়। পরিকল্পিত এই বিশেষ প্রদর্শনীর সময় শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে অংশ নেন।
এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন দাগি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, এবং সিনেমার শিল্পী তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, সোহেল মন্ডলসহ আরও অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার ও মাশা ইসলামও প্রতিবাদে অংশ নেন।
নীরবতা পালনের পর, দাগি সিনেমার সংশ্লিষ্টরা আমন্ত্রিত অতিথিদের সামনে তাদের বক্তব্য রাখেন এবং এরপর সিনেমার প্রদর্শনী শুরু হয়। সিনেমাটি দেখে নির্মাতা রায়হান রাফী বলেন, “দাগি একটি অত্যন্ত হৃদয়গ্রাহী সিনেমা, যা পরিবারের প্রতি ভালোবাসার অনুভূতি তুলে ধরেছে। সিনেমার প্রধান চরিত্র আফরান নিশোর অভিনয় নিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, "নিশো এই চরিত্রে অসাধারণ ছিলেন, তার অভিব্যক্তি সিনেমার জন্য একদম উপযুক্ত।
সংগীতশিল্পী মাশা ইসলাম বলেন, "দাগির গানগুলো গল্পের সঙ্গে দারুণভাবে মিশেছে। সবাইকে বড় পর্দায় নিজের গাওয়া গান শোনার অনুভূতি খুবই বিশেষ।
‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় সিনেমাটির প্রশংসা করেন। মেহেদী হাসান হৃদয় বলেন, দাগি সিনেমার গল্প এবং নির্মাণ খুবই ভালো। আমি শিহাব শাহীন এবং আফরান নিশোকে নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না, তারা অসাধারণ ছিলেন।
বর্তমানে রাজধানীর সিনেপ্লেক্সসহ দেশের অন্যান্য প্রেক্ষাগৃহে ‘দাগি’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নির্মাতা শিহাব শাহীন জানান, সিনেমাটি দেখে দর্শকদের ভালোলাগা এবং হাউসফুল শো দেখে তিনি বেশ আনন্দিত।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নিয়ে সিনেমার প্রচারণা অব্যাহত রাখা হবে।