চুয়েট ভিসি পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিনে এ কর্মসূচি পালন করেন তারা। মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন নানা স্লোগান দেন।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, তাদের আন্দোলনের আজ ১১তম দিন। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা। দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া না পাওয়ায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি বলেন, তাদের ক্লাস-পরীক্ষা এখনো বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে ইতিবাচক ফলাফল চান শিক্ষার্থীরা।
আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে জুমার নামাজের পর তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারা অনিশ্চয়তার অবসান চান এবং ক্লাসে ফিরতে চান। প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টির সমাধানের দাবি জানিয়ে আসছেন তারা।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।