চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি স্কপের
দেশের স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে লাভজনক চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল দুবাইভিত্তিক কম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
স্কপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারী ও চট্টগ্রাম স্কপের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলন দমনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুল। সমাবেশে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, স্কপ নেতা বাদল খান, সহিদুল্লাহ বাদল, নুরুল আমিন, আবুল কালাম আযাদ, শামিম আরা, মোহাম্মদ জাকারিয়া, পুলক রঞ্জন ধর, লাকি আক্তার, সহিদা পারভিন শিখা, সেকেন্দার হায়াত, রোখসানা আফরোজ আশা, সালেহ আহমেদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রবেশদ্বার, দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। বন্দরের নিয়ন্ত্রণ দিয়ে দেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করা যায়। তাছাড়া চট্টগ্রাম বন্দরের পাশেই দেশের জ্বালানি নিরাপত্তা ও দেশ প্রতিরক্ষা সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান থাকায় চট্টগ্রাম বন্দরে বিদেশিদের অবস্থান দেশের সার্বভৌমত্বের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
তারা আরো বলেন, দেশের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই।
কিন্তু সরকার এখতিয়ারের বাইরে গিয়ে লাভজনক এনসিটি বিদেশি কম্পানিকে ইজারা দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে স্কপ, দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলন করছে। কিন্তু সরকার আন্দোলনকারীদের দাবির প্রতি কর্ণপাত না করে নেতাদের কর্মস্থল থেকে বদলি করে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।
নেতৃবৃন্দ শ্রমিক ও দেশের স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষরে আগ্রহীদের গণশত্রু হিসাবে চিহ্নিত করে তাদের এই অপচেষ্টা বন্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।