চলে গেলেন আপসহীন নেতৃত্বের প্রতীক-বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ফোনে জানান যে বেগম জিয়া আর নেই।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এ সময় তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হতে পারে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন। মুক্তির পর এ বছরের ৭ জানুয়ারি লন্ডনে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা উন্নতি হলেও বয়সজনিত কারণ ও শারীরিক দুর্বলতার ফলে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হতো।

সবশেষ গত ২৩ নভেম্বর তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর এবার আর সুস্থ হয়ে উঠলেন না এই ‘দেশনেত্রী’ উপাধিপ্রাপ্ত রাজনৈতিক নেত্রী।

All Categories