ছিনতাইকারীদের ভিডিও করায় গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। ছিনতাইয়ের একটি ঘটনা মুঠোফোনে ধারণ করায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে তাকে কুপিয়ে হত্যা করে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। সেই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীরা ঘুরে গিয়ে তাকে ধাওয়া করে পাশের একটি চায়ের দোকানে ঢুকে উপর্যুপরি কুপিয়ে ফেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ছিনতাইয়ের ঘটনা মোবাইলে ধারণ করায় সাংবাদিককে হত্যা করা হয়। ওই সন্ত্রাসী চক্রটি গাজীপুর শহরের বাসন, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় সক্রিয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পাশে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারীকে পেছন থেকে এক ব্যক্তি ধরার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে কয়েক যুবক ধারালো অস্ত্র হাতে সেই ব্যক্তির দিকে তেড়ে যান। তিনি দৌড়ে পালিয়ে যান।

সাংবাদিক তুহিন এবং তার সহকর্মী শামীম হোসেন ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটছিলেন। শামীম বলেন, এক নারী ও এক পুরুষ আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এরপরই কয়েকজন অস্ত্রধারী এসে ওই পুরুষকে উদ্দেশ্য করে বলে, ‘এই পাইছি, তোরা আয়। তুহিন তখন মোবাইল বের করে ভিডিও করতে করতে তাদের পেছনে ছুটে যান। কিছুক্ষণ পর দেখি ওকে চায়ের দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পরে জানা যায়, ছিনতাইকারীদের ধাওয়া খাওয়া ব্যক্তি বাদশা মিয়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান,  ওই মেয়ে ও তার সঙ্গে থাকা দল আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এটা একটা চক্র।

পুলিশ ধারণা করছে, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া নারীও ছিনতাইকারী দলের সদস্য। চক্রটি প্রেমের ফাঁদ বা নাটকীয় ধস্তাধস্তির মাধ্যমে পথচারীদের বিভ্রান্ত করে টার্গেট নির্ধারণ করে ছিনতাই করে থাকে।

ডিসি রবিউল হাসান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত সাংবাদিকের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

All Categories