ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমার মিথ্যা তথ্য দিয়েছিলেন মা: র‍্যাব

ছেলের পরকীয়া ঠেকাতে এক মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বলেন, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানে বোমা আছে। পরে জানা যায়, সেটি ছিল ভিত্তিহীন তথ্য। ছেলের প্রেমিকা যেন তাঁর সঙ্গে নেপাল যেতে না পারেন—এই উদ্দেশ্যে ওই মা এমন কাজ করেন। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।

র‍্যাবের ডিজি বলেন, গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ঢাকা–কাঠমান্ডু) বোমা থাকার মিথ্যা তথ্য দেওয়া হয় একটি অজ্ঞাত নম্বর থেকে। এ তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে বিমানটি তল্লাশি করা হয়। তবে কোথাও বোমা পাওয়া যায়নি।

তিনি বলেন, এই ধরনের ঘটনার কারণে জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

তদন্তে জানা যায়, ইমন নামের এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি জানতে পেরে ইমনের মা রাশেদা বেগম ও তাঁর স্ত্রী তাহমিনা তাঁকে আটকানোর চেষ্টা করেন।কিন্তু তাঁরা কোনোভাবে সক্ষম হননি। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান তাঁদের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে ‘বিমানে বোমা’ বললে যাত্রা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বলেন, ‘বিমানে বোমা আছে’।তল্লাশিতে কিছু না পাওয়ায় পরে ফ্লাইটটি তিন ঘণ্টা পর কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশেদা বেগম, তাহমিনা এবং ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের ডিজি বলেন, এটি একটি গর্হিত ও অপরাধমূলক কাজ। এই ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

All Categories