ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সংস্কৃতিকর্মী, রবীন্দ্রগবেষক এবং সংগীতজ্ঞ ড. সন্‌জীদা খাতুন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৫ মার্চ, মঙ্গলবার বিকাল ৩.১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।

ড. সন্‌জীদা খাতুন ১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন এবং তার কর্মজীবন ছিল এক অভূতপূর্ব সাংস্কৃতিক অবদান।

তিনি ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তখন তাকে সহযোদ্ধারা ‘মিনু আপা’ নামে চিনতেন। সংগীত চর্চার পাশাপাশি তিনি অভিনয়, আবৃত্তি এবং সাংগঠনিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছেন। তার প্রথম গানের গুরু ছিলেন সোহরাব হোসেন, এবং পরে তিনি রবীন্দ্রসংগীত শিখেছেন হুসনে বানু খানমসহ আরও অনেকের কাছ থেকে।

তার অসামান্য সাংস্কৃতিক অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ), দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ), এবং ভারত সরকারের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন। ১৯৮৮ সালে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দেয়। ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার লাভ করেন।

All Categories