চার শিক্ষার্থী, নয় শিক্ষক, তবুও সবাই ফেল
নওগাঁর বদলগাছীর বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় চারজন শিক্ষার্থী। তবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, চারজনই অকৃতকার্য। পুরো কলেজ থেকে কেউ পাস না করায় এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা–সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ের পাঠদানের অনুমতি দেওয়া হয়। তবে শুরু থেকেই শিক্ষার্থী উপস্থিতি ছিল খুব কম। ফলে শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস নেন না। বর্তমানে কলেজে কাগজে–কলমে নয়জন শিক্ষক থাকলেও তাঁদের অনেকেই অন্যত্র কর্মরত বলে জানা গেছে।
একই স্থানে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ থাকায় শিক্ষকদের দায়িত্ব–বণ্টন নিয়েও রয়েছে বিভ্রান্তি। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশই নেই। এমনকি কিছুদিন ধরে কলেজের মূল ফটকেও ঝুলছে তালা।
বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজিআরা পারভিন বলেন, ‘ৎএবার আমাদের কলেজ থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই অকৃতকার্য হয়েছে। কাগজে–কলমে নয়জন শিক্ষক আছেন, কিন্তু কেউ কেউ এনটিআরসির মাধ্যমে নিয়োগ নিয়ে অন্যত্র চলে গেছেন। আমি চলতি বছরের এপ্রিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছি, এর বেশি কিছু বলতে পারব না।
যে চারজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁদের নাম জানতে চাইলে তিনি বলেন, আমি তাঁদের নাম জানি না।
বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ‘বদলগাছীতে কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে। নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত না করলে এই অবস্থা আরও খারাপ হবে।’
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, কলেজ তো আমার অধিভুক্ত নয়। বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ভালো বলতে পারবেন। শুনেছি, প্রতিষ্ঠানটি চার–পাঁচ বছর আগে পাঠদানের অনুমতি পেয়েছে। চূড়ান্ত ফল হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে।