ব্রাজিলের সমুদ্রসৈকতে ‘গাগা-ঝড়’-এ মাতলেন ২১ লাখ দর্শক

ব্রাজিলের ঐতিহাসিক কোপাকাবানা সৈকতে শনিবার রাতে হয়ে গেল স্মরণকালের অন্যতম বড় সঙ্গীতানুষ্ঠান। যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগার কনসার্ট উপভোগ করতে হাজির হয়েছিলেন প্রায় ২১ লাখ দর্শক। এ সংখ্যাটি পেছনে ফেলে দিয়েছে গত বছরের ম্যাডোনার রেকর্ডকেও, যাঁর কনসার্টে উপস্থিত ছিলেন প্রায় ১৪ লাখ শ্রোতা।

৩৯ বছর বয়সী গায়িকা ও অভিনেত্রী গাগা সেই চেনা চেহারাতেই হাজির হন উজ্জ্বল কস্টিউম, শক্তিশালী ভোকাল আর ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ করেন লাখো দর্শককে। ‘পপ কুইন’ হিসেবে তার অবস্থান কতটা মজবুত, তা যেন প্রমাণ করলেন আরেকবার।

ব্রাজিল সফরে বহু বছর পর এলেন গাগা। তাই এই কনসার্ট ছিল দেশটির দর্শকদের জন্য বিশেষ অপেক্ষার জায়গা। শুধু মূল কনসার্ট নয়, এর আগের দিন শুক্রবার রাতেই তাঁর রিহার্সেল দেখতে সৈকতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ।

গাগার পারফরম্যান্স নিয়ে এক ভক্ত লুকাস বলেন, “গত বছরের ম্যাডোনার কনসার্ট দারুণ ছিল, তবে এবার গাগা যেন পুরো শহরটাকেই আলোড়িত করে তুলেছেন। এটা এক অনন্য অভিজ্ঞতা।

কোনো কোনো ভক্ত তো প্রিয় তারকার মতো সাজেই হাজির হন কনসার্টে মেকআপ, পোশাক আর স্টাইল দেখে অনেককে দূর থেকে গাগা ভেবে ভুল করার মতো অবস্থা!

এ কনসার্ট ছিল গাগার সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘মেহ্যাম’-এর প্রচারণার অংশ। এর আগেই তিনি মেক্সিকো সিটিতে দুটি কনসার্টে অংশ নিয়েছেন। গাগা জানান, “আমি আপনাদের খুব মিস করেছি। অনেক দিন অপেক্ষা করিয়েছি।” উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে তিনি সর্বশেষ পারফর্ম করেছিলেন ২০১২ সালে।

কনসার্টে অংশ নেওয়া দর্শক অ্যাবরিল বলেন, “ওই মুহূর্তটাকে ভাষায় বোঝানো কঠিন। তিনি যেভাবে মঞ্চ কাঁপালেন, সেটা সত্যিই অভাবনীয়। এত মানুষের সঙ্গে একই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।

‘মেহ্যাম’ অ্যালবাম উপলক্ষে গাগা আগামী ১৬ জুলাই থেকে বিশ্বব্যাপী ট্যুর শুরু করতে যাচ্ছেন। সফরের সূচনা হবে যুক্তরাষ্ট্রের নেভাডা থেকে, আর শেষ হবে ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে।

All Categories