বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পর আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পের প্রায় ২০ জন মেয়েশিশু। শুক্রবার স্থানীয় সময় সকালেই এই বন্যা শুরু হয়। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

টেক্সাসের কার কাউন্টিতে অবস্থিত গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় বলে জানিয়েছেন গভর্নর ড্যান প্যাট্রিক। এক সংবাদ সম্মেলনে তিনি এই বন্যাকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করেন।

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা গণমাধ্যমকে জানান, আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নদীর পাশের ক্যাম্পে অবস্থান করা অন্তত ২০ শিশুর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিচ্ছে। সেই সঙ্গে শত শত জরুরি সেবাকর্মী উদ্ধার তৎপরতায় যুক্ত আছেন।

কার কাউন্টির কারভিল শহরের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস বলেন, “ভোর হওয়ার আগেই হঠাৎ করে ভয়াবহ বন্যা শুরু হয়। নদীর পানি খুব দ্রুত বিপৎসীমা অতিক্রম করে। সতর্কতা দেওয়ার সুযোগই মেলেনি।”

টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কয়েকটি এলাকায় ইতোমধ্যে বন্যার জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

All Categories