বিহারে গঙ্গায় নৌকাডুবি, ১৫ বছরের কম বয়সী ১৩ শিশুর মৃত্যু
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ১৫ বছরের কম। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাঘোপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক বর্ষা সিং জানান, রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দারা নদীর ওপারের এক গ্রামে দাওয়াতে যাচ্ছিলেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন আরোহী ছিলেন, যাঁদের বেশির ভাগই শিশু। সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় ডুবুরিদের সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালাচ্ছে। সাত শিশুকে জীবিত উদ্ধার করে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের অবস্থা স্থিতিশীল। অতিরিক্ত যাত্রী বহন বা নৌকায় ছিদ্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শোক প্রকাশ করে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় শোক জানিয়েছেন।
রাঘোপুরের বিধায়ক ও আরজেডি নেতা তেজস্বী যাদব জানান, তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধারকাজ দ্রুত করার অনুরোধ জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।