বিদ্যালয়ে ঢুকে শিশুকে পেটালেন, অভিযুক্ত অভিভাবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার মেঝেতে আছাড় দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
আটক নাহিদ শেখ (৩৫) ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর স্বজন। আহত শিক্ষার্থী মো. হাবিব (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘গোলাপ’ শাখায় পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাহিদ শ্রেণিকক্ষে ঢুকে হাবিবকে বেঞ্চ থেকে টেনে নামান এবং ঘাড় ধরে তুলে পরপর দুবার আছাড় দেন। পরে তাকে কিল-ঘুষিও মারেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগের দিন হাবিব ও নাহিদের স্বজন আতিকুর রহমানের মধ্যে ঝগড়া হয়েছিল। প্রধান শিক্ষক বিষয়টি মীমাংসা করার পরও পরদিন সকালে নাহিদ শ্রেণিকক্ষে ঢুকে হাবিবকে মারধর করেন। শিক্ষার্থীদের চিৎকার শুনে শিক্ষকরা এগিয়ে এসে তাকে প্রধান শিক্ষকের কক্ষে নেন এবং পুলিশকে খবর দেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ঘটনার নিন্দা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।