বিদেশেও বাজিমাত, যুক্তরাষ্ট্রে শাকিব খানের ‘বরবাদ’ হাউজফুল

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রেও মুক্তি পেল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘বরবাদ’। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত সিনেমার্ট সিনেমাসে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘বরবাদ’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ। এই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করল প্রতিষ্ঠানটি।

সিনেমার্ট সিনেমাসের ব্যবস্থাপক বারী বলেন, ১৯৫২ সাল থেকে নানা ভাষার সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এবারই প্রথম কোনো বাংলা সিনেমা আমাদের হলে দেখানো হলো। প্রথম শো-তেই দর্শকের ভিড়ে হল কানায় কানায় পূর্ণ ছিল। এমন সাড়া সত্যিই আনন্দের।

ছবির প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, “শাকিব ভাই পুরো সিনেমায় একাই পারফর্ম করেছেন, এক কথায় ওয়ান ম্যান শো। কমার্শিয়াল ঘরানার ছবির যা যা থাকা দরকার, সবই ছিল ‘বরবাদ’-এ। নিউইয়র্কের প্রেক্ষাগৃহে এই রকম সাড়া দেখে ভালো লাগছে।”

প্রথম শো উপভোগ করেন অভিনেত্রী পারসা ইভানাও। তিনি বলেন, “ঈদের দিন ঢাকায় ‘বরবাদ’ দেখতে চেয়েছিলাম, কিন্তু টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্কে আসি। এখানে এসে সিনেমা দেখতে পেরে খুব ভালো লাগছে। সিনেমার টুইস্টগুলো আমাকে মুগ্ধ করেছে, পুরো ছবিটা খুব এন্টারটেইনিং।”

এসকে ফিল্মস সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরও বেশি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বরবাদ’। বিশেষ করে নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়ার বাঙালি অধ্যুষিত এলাকায় দর্শকের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলা সিনেমার পথচলায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে ‘বরবাদ’।

All Categories