বিদেশে পাড়ি জমাতে চান সালমান মুক্তাদির
ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সালমান বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।
দেশ ছাড়ার বিষয়ে তিনি বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে, তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।
তাঁর এ সিদ্ধান্ত আবেগের জায়গা থেকে নয়, বরং বাস্তবতা বিবেচনায় বলেও উল্লেখ করেন সালমান। তাঁর ভাষায়, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সবকিছু ভালো। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার। আমি অবশ্যই যাব।
বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে কথা বলার প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ আমি এখানে থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তাই তখন আমি দেশ নিয়ে কোনো মন্তব্য করব না।