বাঁচা-মরার লড়াইয়ে কেমন হবে টাইগার শিবির?
ভারতের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের পর এবার ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ রাওয়ালপিন্ডিতে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এইম্যাচ জিততেই হবে, নইলে শেষ হয়ে যাবে টুর্নামেন্টের স্বপ্ন।
দলে পরিবর্তনের সম্ভাবনা
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। মাহমুদউল্লাহ রিয়াদ যদি সম্পূর্ণ ফিট থাকেন, তবে তিনি সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে মুশফিকুর রহিমের একাদশের জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ ভারতের বিপক্ষে তিনি গোল্ডেন ডাক পেয়েছিলেন।
এছাড়া রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত পেসারদের জন্য সহায়ক। তাই সম্ভাবনা আছে তানজিম সাকিবের বদলে নাহিদ রানার দলে ফেরার। যদিও ব্যাটিং অর্ডারে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম / মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।